সিম্ফনি’র পিসিবিএ উৎপাদন শুরু

২৪ ডিসেম্বর, ২০২০ ১৫:০৯  
আশুলিয়ার আউকপাড়াতে সিম্ফনি মোবাইলের দ্বিতীয় কারখানা থেকে মোবাইল ফোনের জন্য পিসিবিএ এর পরীক্ষা মূলক উৎপাদন শুরু করেছে সিম্ফনি মোবাইল। এর আগে ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর উদ্বোধন হয় সিম্ফনি মোবাইলের প্রথম মোবাইল ফোন উৎপাদন কারখানা। সিম্ফনি থেকে জানা যায় প্রায় ৬৭ হাজার স্কয়ারফিট জায়গার উপর নির্মিতব্য বহুতল ভবনের পুরো বিল্ডিং জুড়েই সিম্ফনি মোবাইলের দ্বিতীয় কারখানা টি তৈরি হচ্ছে। প্রাথমিক অবস্থাতেই সিম্ফনি এই কারখানা থেকে পরীক্ষা মূলক ভাবে পিসিবিএ উৎপাদন শুরু করলো। এই কারখানায় পিসিবিএ এবং মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি মোবাইল ফোন এ্যাক্সেসরিজ যেমন চার্জার, হেডফোন, ডেটাকেবল সহ অন্যান্য কিছু এ্যাক্সেসরিজও উৎপাদন করা হবে। অদূর ভবিষ্যতে মোবাইল ফোনের ডিসপ্লেও এই ফ্যাক্টরি থেকে উৎপাদন হবে বলে জানায় সিম্ফনি। প্রাথমিক পর্যায়ে এই কারখানা থেকে প্রতি মাসে ২ লক্ষ পিস পিসিবিএ এর উৎপাদন পরিকল্পনা করেছে সিম্ফনি এবং প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এই কারখানায়। সিম্ফনির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ বলেন, ‘প্রথম থেকেই দেশে মোবাইলফোন উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিম্ফনি মোবাইল। তাই প্রথম কারখানাটি উদ্বোধন করার পাশাপাশি দেরি না করে দ্বিতীয় কারখানা তৈরি করার কাজে হাত দেয় সিম্ফনি এরই সফলতা হিসেবে মাত্র দু বছরের মধ্যেই দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং কারখানাটি করতে পেরেছি’। বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও সিম্ফনি মোবাইল মোবাইলফোনের বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করার পরিকল্পনা করছে বলে জানান জাকারিয়া শাহীদ।